
মোঃ মাহাবুবুল আলম
বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় টুপা মনি (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর কোমর দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত টুপা মনি মোঃ মোফাজ্জল হোসেনের কন্যা।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে অটোরিকশাটি আটক করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় সংলগ্ন সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন এবং নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
দৈনিক প্রবাহ সংবাদ — “স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ”