প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৩:৪৩ পি.এম
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র্যাবের সাফল্য

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫: চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় র্যাবের সাফল্য
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি (বগুড়া)
বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলার অন্যতম ৫ পলাতক আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২। চট্টগ্রামের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পূর্ব বিরোধে নৃশংস হত্যা
র্যাব জানায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী রবিন (২৭)-এর ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
চট্টগ্রামে যৌথ অভিযানে গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল জানতে পারে, আসামিরা গ্রেফতার এড়াতে চট্টগ্রামে অবস্থান করছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পতেঙ্গা সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে এবং ইপিজেডের বন্দরটিলা এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তারা সবাই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।
অভিযান অব্যাহত
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ
ই পেপার