
মোঃ বেলাল মিয়া, প্রতিবেদক, গাইবান্ধা |
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) না পাওয়ায় ৩৬ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হলেও রাত পর্যন্ত তারা প্রবেশপত্র হাতে না পাওয়ায় চরম উৎকণ্ঠায় সময় পার করছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ফিলিং স্টেশন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা পলাশবাড়ী উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয় ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার্থী। তাদের অভিযোগ, সময়মতো ফরম পূরণের টাকা জমা দেওয়া সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর অবহেলার কারণে প্রবেশপত্র আসেনি।
দীর্ঘ সময় অপেক্ষার পর কোনো সমাধান না পেয়ে শিক্ষার্থীরা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিদ্যালয়ের পরীক্ষার্থীরা আগেই প্রবেশপত্র পেলেও তারা এখনো বঞ্চিত। কিছু শিক্ষার্থী অভিযোগ করেন, প্রবেশপত্রের জন্য বিদ্যালয়ের অফিস সহকারী অতিরিক্ত টাকা দাবি করেছেন।
এক অভিভাবক আবেগঘন কণ্ঠে বলেন,
“ছেলের পরীক্ষা কাল, কিন্তু এখনো কার্ড পাইনি। যদি সে পরীক্ষা দিতে না পারে, তাহলে তার ভবিষ্যৎ কে ফিরিয়ে দেবে?”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন,
“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রবেশপত্র নিশ্চিত করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। তবে প্রবেশপত্র হাতে না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনো কাটেনি।