
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান ও কর্মীরা। এ সময় গ্রাহকদের ছোড়া ইটপাটকেলে অল্পের জন্য রক্ষা পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করে। মঙ্গলবার উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মোংলা বন্দর সংলগ্ন গাছুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কয়েকজন গ্রাহকের দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল থাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মীরা বিল পরিশোধের তাগাদা দিতে যান। বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা বিদ্যুৎ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
হামলার মুখে পড়ে লাইনম্যান ও অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে তাদের ঘটনাস্থলেই অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ কর্মীদের উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার মন্ডল ও ইউপি সদস্য নুরনবী উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, সরকারি দায়িত্ব পালনকালে কর্মীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। বকেয়া বিল আদায়ে নিয়মতান্ত্রিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।