
হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে পানাম নগরী সংলগ্ন নদীতীরে এ কর্মসূচি পালিত হয়।
সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা নদীটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, পানাম নগরীকে ঘিরে থাকা পঙ্খিরাজ নদী একসময় ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই নদীপথ ব্যবহার করেই বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানি করা হতো।
কিন্তু দীর্ঘদিনের দখল ও ভরাটের কারণে নদীটি এখন প্রায় খালে পরিণত হয়েছে এবং বিলুপ্তির মুখে রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, পঙ্খিরাজ নদীসহ সোনারগাঁওয়ের বিভিন্ন খাল ও জলাশয় দখল ও ভরাট হওয়ার ফলে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নদীটি পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য দ্রুত পুনঃখনন কার্যক্রম শুরু করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।