
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় সংঘটিত চুরির ঘটনায় চুরি হওয়া একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে একই ঘটনায় চুরি হওয়া নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা যায়, মাস্টারপাড়ার বাসিন্দা মোজাফফর মেস্তেরির ছেলে সোহেলের নিজ বাসা থেকে লাল-কালো রঙের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল এবং ঘরের ড্রয়ারে রাখা নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে আলীকদম সদর ইউনিয়নের উত্তর পালংপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলীর ছেলে অন্তর, পেশায় একজন মোটরসাইকেল চালকের বাসায় চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পানবাজার মোটরসাইকেল সমিতির সভাপতি আক্তার হোসেন, মোটরসাইকেলের মালিক সোহেল, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযুক্তের মায়ের অনুমতিক্রমে এবং ইউপি সদস্যের উপস্থিতিতে তালাবদ্ধ একটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হলে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরে অভিযুক্তের মা নিজেই উপস্থিত থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি পানবাজার মোটরসাইকেল সমিতির সভাপতি আক্তার হোসেনের কাছে সকলের উপস্থিতিতে হস্তান্তর করেন।
পরবর্তীতে প্রকৃত মালিক সোহেলের উপস্থিতিতে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালামের জিম্মায় মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়া হয়।
তবে চুরি হওয়া নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু ছালাম, পানবাজার মোটরসাইকেল সমিতির সভাপতি আক্তার হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্তের মায়ের সাক্ষ্য ও সম্মতির ভিত্তিতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্তের মা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে ওয়ার্ড মেম্বারের উদ্যোগে একটি বৈঠকের আয়োজন করা হবে। ওই বৈঠকে চুরি হওয়া নগদ অর্থের বিষয়সহ পুরো ঘটনার নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালাম বলেন, “আগামী বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। যদি বৈঠকের মাধ্যমে সমাধান না হয়, তাহলে মোটরসাইকেলের মালিক সোহেল আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।