
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৮টায় উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিদ্যামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আলীকদম উপজেলা ও উপজেলার চারটি ইউনিয়নের মোট ৯৮টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এবারের কর্মসূচিতে মোট ৯,৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নির্ধারিত সব কেন্দ্রে একযোগে পরিচালিত হয়।