
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা-তে পেশাগত দায়িত্ব পালনকালে একুশাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সাংবাদিক পাপুল সরকার-এর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, গত ১১ মে সোমবার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক পাপুল সরকার। কাজ শেষে ফেরার পথে একদল দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তার পথরোধ করে হামলা চালায়।
কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। হামলার সময় তার ব্যবহৃত পেশাদার ক্যামেরা ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার বিচার চেয়ে সাংবাদিক পাপুল সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান,
“অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে জেলার ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিক নেতারা এক বিবৃতিতে বলেন,
“পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অনতিবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বর্তমানে আহত সাংবাদিক পাপুল সরকার স্থানীয়দের সহায়তায় চিকিৎসা নিয়েছেন এবং জড়িতদের দ্রুত বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।