
নিজস্ব প্রতিনিধি, রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। উপজেলার বামনদীঘি এলাকার একটি কওমি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আয়োজকরা জানান, এতিম ও অসহায় শিশুদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের খোঁজখবর নিতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আজহারুল ইসলাম নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তিনি নিজেও এতিম হিসেবে বেড়ে উঠেছেন। এতিমদের কষ্ট ও বঞ্চনার অনুভূতি তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেন বলেও উল্লেখ করেন। ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ের ভিত্তিতে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শিশুদের উদ্দেশে এমপি বলেন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।