
সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, বগুড়া
রাজধানীর বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ডেসকোর জিয়া পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকারী সাজেদুল ইসলাম—যিনি মূলত ম্যানেজার পদে কর্মরত—গত কয়েক মাস ধরে বহিরাগত ব্যক্তিদের নিয়ে নিয়মিত অফিস কক্ষে বৈঠক করছেন। অভিযোগ রয়েছে, এসব বৈঠকে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিরও উপস্থিতি ছিল।
সূত্রের দাবি, গত ৫ আগস্ট বর্তমান কমিটি গঠনের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক ক্যাবল অপসারণ ও সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কোটি টাকার সরকারি ক্যাবল চুরির সঙ্গে জড়িত একটি চক্রকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও তিনি নতুন কমিটির নেতৃত্বে থেকে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ডেসকোর নিরাপত্তা টিমের নারী সদস্যদের তার ব্যক্তিগত কক্ষে দায়িত্ব পালনের জন্য ডাকা এবং অফিস সময়ের বাইরে ব্যক্তিগত গাড়িতে তাদের সঙ্গে চলাচলের অভিযোগও উঠেছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তা সরকারি কর্মচারী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা সাজেদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ডেসকো কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে জড়িত এ ধরনের অভিযোগের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ