
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর জোন ক্যান্টিন চেকপোস্টে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আলীকদম জোন ক্যান্টিন চেকপোস্টে দায়িত্ব পালনরত নিরাপত্তা সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) নিশাতের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সিদ্দিক (৪০), পিতা: আব্দুল মজিদ। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্প নং–১৫ এর বাসিন্দা। অপরজন মোঃ জুবায়ের (৩৫), পিতা: সুলেমান। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক A–৩৯ এর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে বের হয়ে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম এলাকায় প্রবেশ করেছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চেকপোস্টে দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের আটক করেন। আলীকদম থানা সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ।