
আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী:
ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ। তার নিজ বাসভবনে আয়োজিত এ সাক্ষাৎকালে স্থানীয় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর শাখার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমানসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা।
আলোচনায় ছাত্রনেতারা ফেনীর মহিপালে সংঘটিত জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে প্রশাসনের তৎপরতা বাড়ানো, মাদক বিস্তার রোধ, কিশোর গ্যাং দমন, ইভটিজিং প্রতিরোধ এবং নগরজীবনের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ সংগঠনের নৈতিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথাও সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। মহিপাল হত্যাকাণ্ডসহ সকল অন্যায়ের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ফেনীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিভেদ নয়—ঐক্যই হতে পারে উন্নয়নের মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎ শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক ভবিষ্যতে গঠনমূলক সহযোগিতা ও ইতিবাচক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
দৈনিক প্রবাহ সংবাদ-“স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ”