
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন গর্ভবতী নারী রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাট্টাখাইয়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই এলাকার মোঃ হাশেম ও মোহাম্মদ আবু সৈয়দের মধ্যে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও মামলা চলছিল।
বিরোধীয় জমির পুকুরপাড়ে লাগানো কলা বাগানের গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশকে বাড়ি পাঠালেও মনোয়ারা বেগম নামে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক প্রবাহ সংবাদ-“স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ”