
এসএম সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও চিত্তাকর্ষক ডিসপ্লে উপস্থাপন করে।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই জেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মোটকথা, যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ