
প্রতিবেদক: রিহান সিকদার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা এলাকায় পুলিশ পরিচয় ব্যবহার করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালক আক্কাস আলী গোড়ান গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠেন। পরে কদিম ধল্যা কাজীবাড়ি মসজিদের সামনে পৌঁছে তারা গাড়ি থামাতে বলেন।
চালক গাড়ি থামালে তাদের একজন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে জানান, আরেক সহকর্মী যাত্রী ছাউনিতে অপেক্ষা করছেন—তাকে নিয়ে আসতে হবে। কথিত নির্দেশে আক্কাস আলী অটোরিকশা রেখে ছাউনির দিকে যান। কিন্তু সেখানে কাউকে না পেয়ে ফিরে এসে দেখেন অটোরিকশা ও যাত্রী সেজে ওঠা ব্যক্তিরা উধাও।
ঘটনার পর চালক চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ পরিচয় ব্যবহার করে প্রতারণার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ