
প্রতিবেদক: সাজেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার, বগুড়া:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাটিডালি ব্লাড ডোনার সোসাইটি’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় শহরের ফলপট্টি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সিফাত বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক মসজিদের খতিব ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী সংস্কৃতি শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ক্বারী সৈয়দ মেহেদী হাসান ছাব্বির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবু হাসান, সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হাসান, কনটেন্ট ক্রিয়েটর মোঃ কাউসার বায়োজিদ (কাউসার ভ্লগ), সহ-সভাপতি মোঃ আতিক ও মোঃ নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব এবং আইটি ও মিডিয়া সমন্বয়ক মোঃ সাকিব রাজসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা জানান, মাটিডালি ব্লাড ডোনার সোসাইটি শুধু রক্তদান কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখে আসছে।
কর্মসূচির শেষপর্যায়ে শতাধিক পথচারী, দিনমজুর ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ