
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে বহুল প্রত্যাশিত “ফ্যামিলি কার্ড” বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী এমপি। অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তাদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী পরিবারের মাঝে প্রতীকীভাবে “ফ্যামিলি কার্ড” বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্থানীয় অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলো বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবে। এর ফলে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে লামাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই ফ্যামিলি কার্ড হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ