
আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার (ফেনী)
ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার জেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা। তিনি বলেন, জাটকা সংরক্ষণ দেশের মৎস্য সম্পদ টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাটকা ধরা বন্ধ না হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। তিনি বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চললে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন সম্ভব এবং এ ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, বোরহান উদ্দিন বোরহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের সদস্যরা। বক্তারা জাটকা নিধন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল হবে না। একই সঙ্গে জেলেদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং জেলেদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ