
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার, ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
রাসেল ইসলাম
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বগুড়া জেলার ধুনট উপজেলার নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের দায়ে গ্রেফতার করা হয় নলডাঙ্গা এলাকার মোছা. রোকেয়া খাতুন (৪১), স্বামী সোরাব মন্ডল এবং মো. ফুল মিয়া (৩২), পিতা মৃত খোকা মন্ডলকে।
ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ঘটনাস্থলে উদ্ধার হওয়া মাদকের আলামত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ।